ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের পাটবাজার এলাকায় চোলাই মদ বিক্রির উদ্দেশ্যে আসা কার্তিক মনি ঋষি (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার কাছ থেকে উদ্ধার করা তিন বোতল চোলাই মদ ধ্বংস করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পাটবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত কার্তিক মনি ঋষি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভবানীপুর গ্রামের ঝোপালের ছেলে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাটবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চোলাই মদ বিক্রির উদ্দেশ্যে সেখানে আসা কার্তিক মনি ঋষিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা তিন বোতল চোলাই মদ উদ্ধার করা হয়। মআটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি উদ্ধার করা তিন বোতল মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। ইউএনও সানজিদা রহমান বলেন, মাদকদ্রব্যের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক বিক্রি, সেবন ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কালের সমাজ/কে.পি

