মেহেরপুরের গাংনী উপজেলার ধলা রংমহল সীমান্ত দিয়ে চার নারীসহ ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ছয়জন ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।
রোববার (১১ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রংমহল সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের ১৩৭ নম্বর পিলারের কাছে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মুরুটিয়া থানার ১১ বিএসএফ ব্যাটালিয়নের পাকশী ক্যাম্প-সংলগ্ন এলাকা দিয়ে ছয়জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে দুজন পুরুষ ও চারজন নারী রয়েছেন।
বিষয়টি বুঝতে পেরে রংমহল বিওপির টহলদল সীমান্তে অবস্থান নেয় এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
রংমহল বিওপির নায়েব সুবেদার বেলায়েত হোসেন জানান, বিজিবির কড়া নজরদারি ও বাধার কারণে বিএসএফ পুশইন সম্পন্ন করতে পারেনি। বর্তমানে ওই ছয়জন সীমান্তের ১৩৭ নম্বর পিলার থেকে কাঁটাতারের ওপারে ভারতের অভ্যন্তরে আনুমানিক ১০০ গজ দূরে অবস্থান করছেন।
কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই পুশইন গ্রহণযোগ্য নয়। এ ধরনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করতে সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এ দিকে ঘটনার বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
কালের সমাজ/এসআর

