ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

১৮ বছরেও খোলেনি তালা: চিকিৎসাসেবা এখন ‘বাজেট সংকটে’ বন্দী

জেলা প্রতিনিধি, ঢাকা | জানুয়ারি ২১, ২০২৬, ০৭:৫৯ পিএম ১৮ বছরেও খোলেনি  তালা:  চিকিৎসাসেবা এখন ‘বাজেট সংকটে’ বন্দী

ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে নির্মিত ২০ শয্যার হাসপাতালটি এখন এক মূর্তমান হতাশার নাম। ২০০৬ সালে অবকাঠামো নির্মাণ শেষ হলেও গত দুই দশকেও এখানে কোনো রোগীর সেবা মেলেনি। বাজেট সংকট আর আমলাতান্ত্রিক জটিলতার অজুহাতে তালাবদ্ধ অবস্থাতেই পার হয়ে গেছে ১৮টি বছর।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ২০০৬ সালে প্রায় কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিশাল ভবনটি এখন আগাছা আর ঝোপঝাড়ে ঢাকা পড়েছে। ভবনের জানালার কাঁচ ভেঙে পড়েছে, দেয়ালে ধরেছে নোনা। স্থানীয়দের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবে মূল্যবান সরঞ্জাম নষ্ট হচ্ছে এবং রাতের আঁধারে হাসপাতালটি এখন অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে।

কৃষ্ণনগরসহ আশপাশের অন্তত ১০-১৫টি গ্রামের মানুষের একমাত্র ভরসা ছিল এই হাসপাতালটি। বর্তমানে সাধারণ জ্বর বা জরুরি প্রসবকালীন সেবার জন্য স্থানীয়দের ২০-২৫ কিলোমিটারপ পথ পাড়ি দিয়ে ধামরাই সদর অথবা কালামপুর যেতে হয়। যাতায়াত ব্যবস্থার সীমাবদ্ধতায় অনেক সময় পথেই রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।

হাসপাতালটি নির্মাণের পর জনবল নিয়োগ এবং চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য যে পরিমাণ বাজেট প্রয়োজন ছিল, তা আজও বরাদ্দ হয়নি।মাঝেমধ্যে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও তা পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করার জন্য যথেষ্ট ছিল না।

কৃষ্ণনগর গ্রামের বাসিন্দাদের দাবি, কোটি কোটি টাকার সম্পদ এভাবে নষ্ট না করে দ্রুত প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দিয়ে হাসপাতালটি চালু করা হোক। এতে শুধু চিকিৎসা সেবাই নিশ্চিত হবে না, বরং সরকারের বড় অংকের বিনিয়োগও সার্থকতা পাবে।

Link copied!