সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোচালক হত্যায় জড়িত ছিনতাইকৃত অটোসহ আটক ৫
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর এলাকার সড়কের পাশে স্কচটেপে পেঁচানো অবস্থায় পাওয়া যায় মো. সোহেল (৪১) নামে এক শারীরিক প্রতিবন্ধী অটোচালকের মরদেহ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছিনতাইকৃত অটোসহ ৫ জনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
নিহত সোহেল (৪১) সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিম পাড়া এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা পিবিআই পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাসেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন—
১. মো. সুজন মিয়া (৩৩), গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার দয়াপাড়া এলাকার মৃত ভুলু মিয়ার ছেলে এবং বর্তমানে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট এলাকায় শাকিলের ভাড়াটিয়া।
২. মো. শফিকুল ইসলাম হীরা (৩৯), চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাঁকা মাঠপাড়া এলাকার মৃত আলী হোসেন মিঝির ছেলে, বর্তমানে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখি এলাকায় বসবাসরত।
৩. মো. দুলাল মিয়া (৪৫), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার মৃত জহর আলীর ছেলে।
৪. আব্দুর রহিম মিয়া (৫৫), কিশোরগঞ্জ সদর উপজেলার বাদেকড়িয়াইল এলাকার মৃত মতিউর রহমানের ছেলে, বর্তমানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় বসবাসরত।
৫. আবুল কাশেম (৪০), কিশোরগঞ্জ সদর উপজেলার বাদেকড়িয়াইল এলাকার মো. হাসেন উদ্দীনের ছেলে, বর্তমানে রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় বসবাসরত।
আটককৃতদের মধ্যে আসামি দুজন—১. মো. সুজন মিয়া ও ২. মো. শফিকুল ইসলাম হীরা—পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অপর আসামিরা ছিনতাইকৃত অটো কেনাবেচার সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
আটককৃত আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :