ঢাকা রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান ফখরুলের

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও | ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৩:২৬ পিএম ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান ফখরুলের

গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এই গণভোটের মূল প্রশ্ন একটাই—কে সংস্কার চায়, আর কে চায় না।’

রোববার সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘‘আমাদের দেশ ও রাষ্ট্র যেভাবে চালানো হয়েছিল, যারা তা চালিয়েছিল তারা আজ পালিয়ে গেছেন। দেশকে ঠিক করতে হলে সংস্কার দরকার, আর সেই সংস্কারের সিদ্ধান্ত নিতেই এই গণভোট। যারা সংস্কার চান তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না তারা ‘না’ ভোট দেবেন। আমরা সবাই সংস্কার চাই—তাই সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানাই।’’

সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব সময় আপনাদের পাশে আছি। আপনাদের কোনো ক্ষতি করতে কেউ পারবে না।”

মির্জা ফখরুল বলেন, ‘আর মাত্র তিন দিন পরই সিদ্ধান্ত হবে—এই দেশ আগের মতো চলবে, না কি নতুন পথে এগোবে। আপনারা কি নতুনভাবে দেশ চালাতে চান না? আমাদের নেতা তারেক রহমান তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার মানুষ। পুরানো রাজনীতির বদলে আমরা নতুন নেতৃত্বকেই সমর্থন করব।’

তিনি বলেন, ‘এই দেশের প্রধানমন্ত্রী হোক একজন তরুণ, যিনি নতুন চিন্তাভাবনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আসুন, সবাই মিলে সেই পরিবর্তনের পক্ষে অবস্থান নিই।’

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!