ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

শ্রীমঙ্গল অসহায়দের পাশে বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষাসামগ্রী

শ্রীমঙ্গল, মৌলভীবাজার প্রতিনিধি | ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৪:২২ পিএম শ্রীমঙ্গল  অসহায়দের পাশে বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষাসামগ্রী

শ্রীমঙ্গলের হরিনগর এলাকায় বুধবার সকাল থেকেই উৎসবের আমেজ। ভোড়া থেকে আসা বয়স্ক রহিমা খাতুন লাইনে দাঁড়িয়ে ছিলেন চিকিৎসকের পরামর্শ নেবেন বলে। পাশেই স্কুলব্যাগ কাঁধে ঝোলানো ছোট্ট অনিক। কারও হাতে প্রেসক্রিপশন, কারও হাতে নতুন বই—মিলনমেলায় পরিণত হয়েছিল শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণ।

 

ভগবান শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ১৯১তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন হাজারো মানুষ। ধর্ম-বর্ণ-গোষ্ঠীর উর্ধ্বে উঠে মানবসেবার এই আয়োজনে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়েছেন ৪৫০ এরও অধিক রোগী।

 

সকাল সাড়ে ১০টা নাগাদ সেবাশ্রম চত্বরে রোগীদের ভিড় বাড়তে থাকে। গাইনি, মেডিসিন, শিশু, সার্জারি ও ডেন্টাল—মোট পাঁচটি বিভাগে সাতটি বুথ খোলা হয়। রোগীদের চিকিৎসা দেন জেলার শীর্ষস্থানীয় চিকিৎসকেরা। গাইনি বিভাগে ডা. নিবাস চন্দ্র পাল ও ডা. দীপাঞ্জলী পাল, শিশু বিভাগে ডা. প্রদীপ লাল বণিক ও ডা. বিশ্বজিৎ দেব, মেডিসিনে ডা. সুব্রত রায় ও ডা. আকাশ দেব, সার্জারিতে ডা. পম্পী বৈদ্য ও ডেন্টালে পুষ্পিতা খাস্তগীর রোগী দেখেন।

 

শিবিরের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আনিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি পাল, ভারপ্রাপ্ত সিভিল সার্জন বর্ণালী দাশ, সাবেক সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী ও ডা. নিশিত নন্দী মজুমদার। চিকিৎসা শেষে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় প্রতিটি রোগীকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। সান ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা রাখা হয়। শুধু অসুস্থদের জন্যই নয়, সুস্থ আগামীর জন্যও ছিল বিশেষ আয়োজন। বিকেলে সেবাশ্রম চত্বরে স্থানীয় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। নতুন বই, খাতা-কলম পেয়ে উল্লাসে মেতে ওঠে শিশুরা।

 

সেবাশ্রমের সভাপতি ডা. নিবাস চন্দ্র পাল বলেন, “রামকৃষ্ণ দেব সারা জীবন মানবসেবায় ব্রতী ছিলেন। তাঁর দেখানো পথেই আমরা হাঁটতে চাই। অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। আর শিক্ষার্থীদের মুখের হাসি দেখে মনে হচ্ছে, আজকের দিনটি সার্থক হয়েছে।”চিকিৎসা নিতে আসা একরোগী বলেন, “বড় হাসপাতালে গেলে ডাক্তার দেখাতে অনেক টাকা লাগে। এখানে বিনামূল্যে সব হয়েছে। ওষুধও পেয়েছি। খুব উপকার হয়েছে।” দিনব্যাপী এই আয়োজন যেন মনে করিয়ে দিল—মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় ধর্ম। শ্রীমঙ্গল রামকৃষ্ণ সেবাশ্রমের এ আয়োজন বাস্তব উদাহরণ দিয়ে।

Side banner
Link copied!