পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে রাতে ছুটির ঘোষণা আসায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর বিভিন্ন স্কুলে গিয়ে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
সকালে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় দেখা যায়, অনেক অভিভাবক সন্তানকে নিয়ে স্কুলে এসে গেট বন্ধ পান। নোটিশ দেখে বা কর্তৃপক্ষের কাছ থেকে ছুটির খবর জেনে তারা হতাশ হয়ে বাড়ি ফিরে যান। এতে রোজা রেখে যাতায়াতের কষ্ট ও সময় নষ্ট হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।
নজমুল হক বালিকা বিদ্যালয়ে সন্তান নিয়ে আসা এক অভিভাবক বলেন, “সকালে রোজা থেকে কষ্ট করে স্কুলে এসে দেখি গেট বন্ধ। রাতে যে ছুটি দিয়েছে, সেটা জানতাম না। অন্তত একদিন আগে জানালে এই ভোগান্তি হতো না।”
আরেক অভিভাবক জানান, হঠাৎ সিদ্ধান্তের কারণে যাতায়াত ভাড়া ও সময়- দুটিই নষ্ট হয়েছে।
এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করে। তালিকা অনুযায়ী, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব ধরনের বিদ্যালয়ে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত রমজানের ছুটি চলবে।
২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস হওয়ায় এবং পরবর্তী দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষক-কর্মচারীরা কার্যত ২৮ মার্চ পর্যন্ত ছুটি ভোগ করবেন।
এর আগে প্রকাশিত বর্ষপঞ্জি অনুযায়ী, মাদ্রাসা ও কলেজে পুরো রমজান মাস ছুটি থাকবে বলে জানানো হয়। এসব প্রতিষ্ঠানে ইতোমধ্যে ছুটি শুরু হয়েছে এবং আগামী ২৯ মার্চ থেকে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হবে।


আপনার মতামত লিখুন :