রমজান শুরু হতেই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আনন্দবাজার, মেড্ডা বাজার, ফারকি বাজারসহ বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা গেছে। বাজার ঘুরে দেখা যায়, লেবু ১৫০ টাকা হালি, কাঁচা মরিচ ১৬০ টাকা কেজি, বেগুন ১০০ টাকা কেজি, শসা ৯০ টাকা কেজি, কলা ৪ পিস ৫০ টাকা, আনারস এক পিস ১০০ টাকা এবং খেজুর ৩০০ টাকা থেকে শুরু করে ১,৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা জানান, আগের বছরগুলোর তুলনায় এবার রমজানের শুরুতেই পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। সীমিত আয়ে ইফতার ও সাহরির বাজার করা কঠিন হয়ে পড়েছে। অনেক পরিবার পুষ্টিকর খাবার বাদ দিয়ে কম দামের পণ্যের দিকে ঝুঁকছে, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
সাধারণ মানুষের অভিযোগ, জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই রমজান শুরু হওয়ায় বাজার মনিটরিং কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। সুযোগ বুঝে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় দাম বাড়াচ্ছেন।
অন্যদিকে ব্যবসায়ী ও বাজার কমিটির প্রতিনিধিরা দাবি করছেন, রমজানে চাহিদা বেড়ে যাওয়া এবং সরবরাহ তুলনামূলক কম থাকায় দাম বেড়েছে। পরিবহন খরচ ও পাইকারি বাজারের মূল্য বৃদ্ধির প্রভাব খুচরা বাজারে পড়ছে বলেও তারা জানান। তাদের মতে, রমজানের ১০ দিন পার হলে সবজির দাম কিছুটা কমতে পারে।তবে ক্রেতারা এসব বক্তব্য প্রত্যাখ্যান করে বলছেন, প্রতিবছরই একই অজুহাতে দাম বাড়ানো হয়। কার্যকর তদারকি না থাকায় ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
এদিকে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, শহরের মসজিদ রোড ও কোট রোড চারজন খেজুর ব্যবসায়ীকে রিসিট না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়মূল্যের তালিকা না থাকার অভিযোগে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত দামে খেজুর বিক্রির দায়ে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, কোথাও কোনো পণ্যের অতিরিক্ত দাম নেওয়া হলে ভোক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। বাজার তদারকিতে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে।স্থানীয়দের মতে, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যৌথ তদারকি বাড়ানো গেলে বাজারে শৃঙ্খলা ফিরবে। নইলে রমজানজুড়ে সাধারণ মানুষের কষ্ট আরও বাড়বে।


আপনার মতামত লিখুন :