রাজধানীর ডেমরা থানাধীন হাজী বাদশা মিয়া রোড এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবনের প্রজেক্টে ঢুকে এক গ্রাহক ও তার সহযোগীদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও অর্থ লুটের অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ‘বসতবাড়ী রিয়েল এস্টেট লিমিটেড’-এর প্রজেক্টে এই ঘটনা ঘটে। জানা গেছে, রাজধানীর ডেমরার ৬৫ নং ওয়ার্ড এলাকায় একদল সন্ত্রাসী কর্তৃক ‘বসতবাড়ী রিয়েল এস্টেট লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক (৮৭) সহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
এই ঘটনায় ভুক্তভোগী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক (৮৭) বাদী হয়ে ডেমরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, শফিউল আলম (৪২), নূর আলম (৫৫), গফুর (৫০) এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন।
অভিযোগ সূত্রে জানা যায়, ১ নম্বর বিবাদী শফিউল আলম উক্ত ১০ তলা ভবনের ৭ম তলায় একটি ফ্ল্যাট বরাদ্দ নিয়েছিলেন। ফ্ল্যাটটির নির্মাণকাজ শেষ হওয়ার পর কর্তৃপক্ষ তাকে পাওনা টাকা পরিশোধ করে ফ্ল্যাট বুঝে নেওয়ার জন্য বারবার তাগাদা দিলেও তিনি তাতে কর্ণপাত করেননি।
বরং পাওনা টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ফ্ল্যাট দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ কর্তৃপক্ষের।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগের তথ্যমতে, গত ৭ মার্চ দুপুরে শফিউল আলমের নেতৃত্বে একদল সশস্ত্র লোক দেশীয় অস্ত্র নিয়ে প্রজেক্ট এলাকায় প্রবেশ করে। তারা সেখানে ব্যাপক ভাঙচুর চালায় এবং প্রজেক্টের প্রায় ২০ হাজার টাকার মালামাল নষ্ট করে।
খবর পেয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক ও অন্যান্য পরিচালকগণ ঘটনাস্থলে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা তাদের ওপর চড়াও হয়।
তাদের মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করা হয়। হামলার সময় ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে বিষয়টি নিয়ে কোম্পানির পরিচালনা পর্ষদ ও স্থানীয়দের সাথে আলোচনার পর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।
এ বিষয়ে বসতবাড়ী রিয়েল এস্টেট লিমিটেড কর্তৃপক্ষ জানায়, পাওনা টাকা না দিয়ে গায়ের জোরে ফ্ল্যাট দখলের উদ্দেশ্যেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ডেমরা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালের সমাজ/ওজি

