আজ (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে বাউবির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। নতুন দায়িত্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।
এদিকে ড. ওবায়দুল ইসলাম ঢাবির উপাচার্যের দায়িত্ব নিলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দেন। গত ২২ ফেব্রুয়ারি তিনি শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
ঢাবির প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ গণমাধ্যমকে জানান, ওই দিন সকালে উপাচার্য তার পদত্যাগপত্র শিক্ষামন্ত্রীর কাছে জমা দেন। মন্ত্রণালয় পদত্যাগপত্র গ্রহণের পর পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ দেখিয়ে উপাচার্যের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ড. নিয়াজ আহমদ খান। তিনি এর আগে এক সংবাদ সম্মেলনে বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হয়েছে এবং এখন দায়িত্ব হস্তান্তরের উপযুক্ত সময় বলে তিনি মনে করছেন।

