স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এমএ মুহিত বলেছেন, ‘শুধু চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্য খাত এগিয়ে নেয়া সম্ভব না। দেশে নার্স ও মিডওয়াইফের ব্যাপক সংকট রয়েছে। আর বর্তমানে যা আছে ৩-৫ শতাংশ বাড়ানো প্রয়োজন।’
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘বাংলাদেশে জনমিতিক লভ্যাংশ (তরুণ জনশক্তির সুবিধা) কাজে লাগানোর ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের সম্ভাবনা : সুযোগ, চ্যালেঞ্জ এবং নীতিগত প্রয়োজনীয়তা’ এবং ‘বিভিন্ন ধরনের মহামারী রোগ সঠিকভাবে মোকাবিলা বা ব্যবস্থাপনার জন্য স্বাস্থ্যকর্মীদের প্রস্তুতির মূল্যায়ন’ দুইটি গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সেমিনারে এমএ মুহিত আরও বলেন, ‘দেশের ৮০ ভাগ চিকিৎসক থাকছেন শহরে, অথচ ৮০ ভাগ মানুষ গ্রামে বসবাস করে।’
‘চিকিৎসক ও প্রকৌশলীর মত যারা বড় চাকরিজীবী, তারা দেশে রেমিট্যান্স কম পাঠায়। বেশি যারা পাঠায় তারা হলেন সাধারণ শ্রমিক।’
তিনি বলেন, ‘তারা (চিকিৎসক ও প্রকৌশলী) বেশি বিদেশে গেলে রেমিট্যান্স আসবে এরসঙ্গে একমত না। তবে গবেষণা ও শিক্ষার জন্য যাওয়া ভালো।’
এখনও দেশ থেকে চিকিৎসক ও নার্স বিদেশে পাঠানোর মতো অবস্থা তৈরি হয়নি বলেও জানান তিনি।
এমএ মুহিত বলেন, ‘দেশে ভবিষ্যতে মহামারি ও সংক্রামক প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছে সরকার, এ নিয়ে বাজেটের মধ্যেও সেটি যুক্ত করা হয়েছে।’
কালের সমাজ//আরআই

