ইরানের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নতুন এক ডিক্রি জারি করে সশস্ত্র বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছয়জন জ্যেষ্ঠ কমান্ডারকে নিয়োগ দিয়েছেন।
সোমবার (১০ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, মেজর জেনারেল আলি আবদুল্লাহিকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং ব্রিগেডিয়ার জেনারেল কিউমারস হায়দারিকে তাঁর ডেপুটি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া মেজর জেনারেল পদে পদোন্নতি পাওয়া আহমদ ভাহিদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সর্বাধিনায়ক করা হয়েছে। তাঁর ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোস্তফা ইজাদি।
অন্যদিকে রিয়ার অ্যাডমিরাল আলি ওজমায়িকে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার এবং হোসেইন তাইবকে বাসিজ ফোর্সের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনী, আইআরজিসি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বাসিজ ফোর্সের শীর্ষ পদে নিয়োগ পাওয়া ছয় কমান্ডারকে অভিনন্দন জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ এসব পদে সর্বোচ্চ নেতার আস্থা পাওয়ার মধ্য দিয়ে জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় কমান্ডারদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অবদানের স্বীকৃতি মিলেছে।
আরাঘচি আরও বলেন, ইরানের ওপর চাপিয়ে দেওয়া ‘সাম্প্রতিক দুটি যুদ্ধের’ সময়ও এসব কমান্ডারের সক্ষমতা ও ভূমিকা প্রমাণিত হয়েছে। দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা রক্ষায় তাদের অবদানের প্রশংসা করে তিনি সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুযায়ী ইরানের নিরাপত্তা, মর্যাদা ও শক্তি রক্ষায় নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।
কালের সমাজ/এসআর

