নেপালের ইয়ালুং রি পর্বতে বেশ কয়েকটি মরদেহের সন্ধান পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তারা ধারণা করছেন, মরদেহগুলো গত বছর তুষারধসে নিখোঁজ হওয়া পাঁচ পর্বতারোহীর হতে পারে। তবে মরদেহগুলোর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
স্থানীয় কর্মকর্তা থাবিন্দ্র কুমার কাফলে জানান, একটি হাইকিং কম্পানির হয়ে মরদেহ উদ্ধারের কাজে নিয়োজিত কয়েকজন কর্মী শুক্রবার মরদেহগুলো দেখতে পান। তবে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকারী দল এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
হাইকিং কম্পানি ড্রিমার্স ডেস্টিনেশনের ফুর্বা তেনজিং শেরপা জানান, আবহাওয়া পরিষ্কার হলে হেলিকপ্টারে করে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করা হবে।
তিনি বলেন, বরফ গলে যাওয়ার কারণে মরদেহগুলো এখন দৃশ্যমান হয়ে থাকতে পারে। তবে উদ্ধার করা মরদেহগুলো গত বছর নিখোঁজ হওয়া পাঁচ পর্বতারোহীরই কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইয়ালুং রি উত্তর-পূর্ব নেপালের রোলওয়ালিং উপত্যকায় অবস্থিত। দুর্গম এই পর্বতে পর্বতারোহীদের পাথর, বরফ ও তুষারে তৈরি কঠিন পথ পাড়ি দিতে হয়।
গত বছরের নভেম্বর থেকে ইয়ালুং রি পর্বতে তিনজন বিদেশি ও দুইজন নেপালি পর্বতারোহী নিখোঁজ ছিলেন। নিখোঁজ বিদেশিদের মধ্যে একজন ইতালীয়-কানাডিয়ান, একজন ইতালীয় ও একজন জার্মান নাগরিক ছিলেন। এ ছাড়া একই অভিযানে একজন ইতালীয় ও একজন ফরাসি পর্বতারোহী বেস ক্যাম্পে মারা গিয়েছিলেন।
ইয়ালুং রি পর্বতটি নেপালের দোলাখা জেলায়, চীনের তিব্বত সীমান্তের কাছে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৫ হাজার ৬৩০ মিটার। সূত্র: রয়টার্স
কালের সমাজ/এসআর

