ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

নেপালে আকস্মিক বন্যায় পাঁচ শতাধিক বিদেশি পর্যটক নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | আগস্ট ২৬, ২০২৬, ১০:৫৩ পিএম নেপালে আকস্মিক বন্যায় পাঁচ শতাধিক বিদেশি পর্যটক নিখোঁজ

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের পর নিখোঁজ পর্যটক ও স্থানীয় নাগরিকের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে পৌঁছেছে। বুধবার (২৬ আগস্ট) নেপাল পুলিশের সর্বশেষ তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি নেপালি।

পুলিশের তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ৪৬৬ জন বিদেশি নাগরিক। তারা মোট ২৮টি দেশের নাগরিক বলে জানিয়েছে নেপাল কর্তৃপক্ষ। নিখোঁজ বিদেশিদের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫৪ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন নাগরিক রয়েছেন।

এ ছাড়া নিখোঁজদের তালিকায় ১১৩ জন নেপালি নাগরিকও রয়েছেন। দুর্গত সীমান্তবর্তী এলাকাগুলোতে তাঁদের সন্ধানে উদ্ধারকারী দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

নেপাল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি, সড়ক ও যোগাযোগব্যবস্থার ক্ষয়ক্ষতি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ পরিচালনায় বড় ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় উদ্ধার তৎপরতার পাশাপাশি নিখোঁজদের শনাক্ত ও তাদের অবস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।

Link copied!