ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২
আশা তাজুল ইসলামের

অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন নতুন চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০২:০২ পিএম অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন নতুন চিফ প্রসিকিউটর

আমাদের রেখে যাওয়া অসমাপ্ত কাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর সম্পন্ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

সোমবার দুপুরে নতুন দায়িত্বপ্রাপ্ত চিফ প্রসিকিউটরের প্রতি শুভকামনা জানিয়ে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার এই দায়িত্ব অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে আমরা আশাবাদী নতুন নেতৃত্বের অধীনে প্রসিকিউশন আরও শক্তিশালী ও গতিশীল হবে।

তিনি বলেন, দায়িত্ব পালনের সময় যেসব মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে, সেসবের অনেকগুলো এখনো চলমান। আমাদের মূল লক্ষ্য ছিল ন্যায়বিচার নিশ্চিত করা। আশা করি নতুন চিফ প্রসিকিউটর সেই ধারাবাহিকতা বজায় রেখে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবেন।

সদ্য বিদায়ী এই চিফ প্রসিকিউটর বলেন, বিচারপ্রক্রিয়া একটি ধারাবাহিক বিষয়। এখানে কোনো ব্যক্তি নয়, প্রতিষ্ঠানই একমাত্র মুখ্য। প্রসিকিউশন টিমের সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবেন বলে আশা করছি।

এদিন সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বরে মোহাম্মদ তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!