ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে তিনটি আসনের বিষয়ে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অভিযোগ সংশ্লিষ্ট আসনগুলো হলো ঢাকা-৬, ঢাকা-৭ এবং গাইবান্ধা-৪।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত আবেদন শুনানির পর নির্বাচনি ট্রাইব্যুনাল ওই তিন আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ নির্বাচন সংশ্লিষ্ট যাবতীয় নথি হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারার আলোকে নির্বাচনি অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে একটি নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। ওই দিনই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চ এসব আবেদন শুনানি করবেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন কমিশন ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে।
পরবর্তীতে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হলেও উচ্চ আদালতের নির্দেশনার কারণে এখনো দুটি আসনের চূড়ান্ত ফলাফলের গেজেট প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :