ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

নিজস্ব প্রতিবেদক | মার্চ ৩০, ২০২৬, ০১:৫৭ পিএম ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক, রেল ও নৌপথে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত এবং ১২৮৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সোমবার (৩০ মার্চ)সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য তুলে ধরেন।

সংগঠনের সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে বলা হয়, ঈদযাত্রা শুরুর দিন ১৪ মার্চ থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা ২৮ মার্চ পর্যন্ত ১৫ দিনে শুধু সড়কেই ৩৪৬টি দুর্ঘটনায় ৩৫১ জন নিহত এবং ১০৪৬ জন আহত হয়েছেন। একই সময়ে রেলে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২২৩ জন আহত এবং নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ১৯ জন আহত ও ৩ জন নিখোঁজ রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালের ঈদুল ফিতরের তুলনায় এ বছর সড়ক দুর্ঘটনা ৮.৯৫ শতাংশ, প্রাণহানি ৮.২৬ শতাংশ এবং আহতের সংখ্যা ২১.০৫ শতাংশ বেড়েছে।

দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেলের অংশ সবচেয়ে বেশি উল্লেখ করে সংগঠনটি জানায়, ১২৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৫ জন নিহত এবং ১১৪ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩৬ শতাংশের বেশি।

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় চালক, শিশু, পথচারী, নারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হতাহত হয়েছেন।

সংগঠনের পর্যবেক্ষণে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত গতি, উল্টোপথে চলাচল, ট্রাফিক আইন অমান্য, সড়কের ত্রুটি ও অবকাঠামোগত দুর্বলতাকে দায়ী করা হয়েছে।

 

কালের সমাজ/ওজি

Link copied!