ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২
ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ

বাস টার্মিনালগুলোতে ভিড় থাকলেও চাপ নেই রেলে

মোহাম্মদ আলী সুমন | মার্চ ২৫, ২০২৬, ১২:৫৯ পিএম বাস টার্মিনালগুলোতে ভিড় থাকলেও চাপ নেই রেলে

ঈদের ছুটি কাটিয়ে নাড়ির টান ফেলে আবার যান্ত্রিক রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। ট্রেন ও লঞ্চের পাশাপাশি বাসে করেও দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরছেন যাত্রীরা।

বুধবার (২৫ মার্চ) সকাল থেকেই রাজধানীর আরামবাগ, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে কর্মমুখী মানুষের ভিড় দেখা গেলেও কমলাপুর রেলস্টেশন এখনো ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়নি।

সরেজমিনে দেখা যায়, পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে স্বস্তিতেই ফিরছেন নগরবাসী। যাত্রীদের অনেকেই জানিয়েছেন, এবারের ফিরতি যাত্রায় সড়কে তেমন কোনো ভোগান্তি বা জটলা পোহাতে হয়নি। তবে ভাড়ার বিষয়ে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন ভাড়া আগের মতোই নেওয়া হচ্ছে, আবার কারও অভিযোগ, ফেরার পথে বাড়তি ভাড়া আদায় করা হয়েছে।

মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে মূলত ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও টাঙ্গাইল অঞ্চলের যাত্রীদের ভিড় বেশি। অন্যদিকে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম অঞ্চলের যাত্রীরা নামছেন সায়েদাবাদ বাস টার্মিনালে।

আরামবাগ এলাকায় নামা এক যাত্রী বলেন, পরিবার-পরিজনের সাথে বেশ ভালোভাবেই ঈদের ছুটি কাটিয়েছি। রাস্তায় কোনো জ্যাম ছিল না, তাই খুব দ্রুতই ঢাকায় পৌঁছাতে পেরেছি।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সরকারি ছুটি শেষ হওয়ায় আজ সকাল থেকে যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। আগামী দু-এক দিনে এই ভিড় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, বুধবার (২৫ মার্চ) সকালে স্টেশনে যাত্রীদের স্বাভাবিক আনাগোনা লক্ষ্য করা গেছে। উল্টো এখনো অনেককে ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি যেতে দেখা গেছে।

দেখা যায়, আন্তনগর ট্রেনগুলো নির্ধারিত সময়েই স্টেশনে পৌঁছানোয় প্ল্যাটফর্মে যাত্রীদের বাড়তি কোনো চাপ বা ভোগান্তি ছিলো না। ট্রেন থেকে নেমে যাত্রীরা দ্রুত স্টেশন ত্যাগ করে গন্তব্যে রওনা হচ্ছেন।

স্টেশনে নামা যাত্রীরা জানান, অনেকেই ঈদের ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নিয়েছেন, ফলে তাঁদের অফিসে যোগ দিতে আরও কয়েক দিন সময় লাগবে। তবে শেষ মুহূর্তের ভিড় ও টিকিট সংকট এড়াতে তাঁরা আগেভাগেই ঢাকায় ফিরে আসছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আবারও তিন দিনের সরকারি ছুটি থাকায় সামনের কয়েক দিনে ঢাকামুখী যাত্রীদের চাপ কয়েক গুণ বাড়তে পারে। অনেক যাত্রী এই বাড়তি ছুটি কাটিয়ে আগামী রোববার নাগাদ ঢাকায় ফেরার পরিকল্পনা করছেন।

কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত ট্রেন চলাচলের শিডিউলে কোনো বড় বিপর্যয় ঘটেনি।

কালের সমাজ/এসআর

Link copied!