ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

আকস্মিক সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী

কালের সমাজ ডেস্ক | মার্চ ২৯, ২০২৬, ১১:৩৭ এএম আকস্মিক সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী

কোনো পূর্বঘোষণা ছাড়াই আকস্মিক সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৯ মার্চ) সকালে তিনি পায়ে হেঁটে এক ভবন থেকে অন্য ভবনে গিয়ে এসব মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে এসে পৌঁছান সরকারপ্রধান। সেখানে তাকে অভ্যর্থনা জানাতে আগে থেকেই উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

May be an image of one or more people, hospital and text

তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলার একপর্যায়ে হঠাৎ করেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সচিবালয়ের ভেতরে হাঁটা শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাঁটতে হাঁটতে তিনি চলে যান সচিবালয়ের অপর প্রান্তে অবস্থিত ৬ নম্বর ভবনে। এ ভবনে ১০টির মতো মন্ত্রণালয় রয়েছে। সেখানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ঘুরে দেখেন।

May be an image of one or more people and suit

৬ নম্বর ভবন পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী যান পাশের ৫ নম্বর ভবনে। সেখানে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন করেন। এরপর সবশেষ ৩ নম্বর ভবনে বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শন শেষে পুনরায় নিজ কার্যালয়ে ফিরে আসেন তিনি।

May be an image of one or more people, dais and text

জানা গেছে, পূর্বনির্ধারিত সূচি ছাড়া প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন চলে টানা এক ঘণ্টা।

May be an image of one or more people, suit and street

পরিদর্শনের এই পুরোটা সময় তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং দাপ্তরিক কার্যক্রমের খোঁজখবর নেন। আকস্মিক এই পরিদর্শনের সময় সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাড়তি তৎপরতা লক্ষ্য করা যায়।

কালের সমাজ/এসআর

Link copied!