আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, নকলমুক্ত ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্টদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে সরকার।
রোববার (২৯ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করে। এর আগে ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি পরীক্ষাকেন্দ্র এবং কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার পরিবেশ নিয়ন্ত্রণে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলাকালে যেকোনো ধরনের অনিয়ম রোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠপর্যায়ের সব কর্মকর্তা ও কেন্দ্রসচিবকে নির্দেশনা কঠোরভাবে মানতে হবে। কোনো ধরনের গাফিলতি বা অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা জানান, পরীক্ষার পরিবেশ নিরাপদ ও নকলমুক্ত রাখতে পর্যবেক্ষণ ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।
নির্দেশনা :
(১) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬ গ্রহণের লক্ষ্যে নির্বাচিত প্রতিটি পরীক্ষাকেন্দ্রসহ কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে;
(২) যেসব পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা অচল/অকেজো অবস্থায় রয়েছে, সেখানে পরীক্ষা শুরুর আগেই সচল করার ব্যবস্থা নিতে হবে;
(৩) সিসিটিভি ক্যামেরায় ধারণ করা সব ভিডিও যথাযথভাবে সংরক্ষণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক তা সরবরাহ করতে হবে;
(8) সব পরীক্ষাকেন্দ্রের প্রতিটি কক্ষে ঘড়ি (কাঁটাওয়ালা) টানাতে হবে;
(৫) স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শক্রমে পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে;
(৬) কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষার হলে কোনো শিক্ষক/পরীক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না;
(৭) পরীক্ষার্থীরা যেন কোনোভাবেই নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি প্রদান করতে হবে। মেয়ে পরীক্ষার্থীদের ক্ষেত্রে মহিলা শিক্ষক দ্বারা দেহ তল্লাশির ব্যবস্থা করতে হবে;
(৮) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবকসহ শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা টাঙিয়ে দিতে হবে;
(৯) প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরিস্কার পরিচ্ছন্নসহ পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে;
(১০) সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক কেন্দ্রসচিবদের প্রতি নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন করতে হবে;
(১১) সর্বোপরি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে উপরোল্লিখিত নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
কালের সমাজ/ কে.পি

