ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ সায়েম উদ্দিন মুসা, গোবিপ্রবি | মার্চ ২৭, ২০২৬, ০৫:৪১ পিএম গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আজ শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১০৭০ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নেয় ৮৮৩ জন। অনুপস্থিত ছিলো ১৮৭ জন। পরীক্ষায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

পরীক্ষার শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান ভর্তিচ্ছুদের অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

প্রথম দিনের পরীক্ষা শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে এবং সার্বিকভাবে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা সকল ব্যবস্থা গ্রহণ করেছি। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে শিক্ষক-কর্মকর্তা ও সংশ্লিষ্ট পরিদর্শকদের পাশাপাশি মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের সহযোগিতা করেছেন।

প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত মানবিক শাখার (বি ইউনিট) ভর্তি পরীক্ষা আগামী ৩ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টা ও ১০ এপ্রিল একই সময়ে বিজ্ঞান শাখার (এ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিজ্ঞান শাখার অধীন আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি শিক্ষাবর্ষে সি ইউনিটে ২৫০, বি ইউনিটে ৫০০ এবং এ ইউনিটে ৭৫৫ টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ১৫০৫টি।
 

 

কালের সমাজ / কে.পি

Link copied!