ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

আবাসিক ভবনের নিচতলায় ২৫ হাজার লিটার ডিজেল মজুদ!

জেলা প্রতিনিধি, শেরপুর | মার্চ ২৭, ২০২৬, ০২:৩৭ পিএম আবাসিক ভবনের নিচতলায় ২৫ হাজার লিটার ডিজেল মজুদ!

শেরপুর শহরের একটি পাঁচতলা আবাসিক ভবনের নিচতলায় প্রায় ২৫ হাজার লিটার ধারণক্ষমতার তেলের ট্যাংক স্থাপন করে ডিজেল মজুদ রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একদিনের মধ্যে মজুদকৃত তেল ও ট্যাংক অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের গোপালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে তেলের ট্যাংক স্থাপন করে ডিজেল মজুদ ও ব্যবসা পরিচালনা করে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল। গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় পরিবেশগত ছাড়পত্র ছাড়া আবাসিক এলাকায় দাহ্য পদার্থ মজুদের প্রমাণ পাওয়ায় ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয় এবং দ্রুত ট্যাংক অপসারণের নির্দেশ দেওয়া হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার এবং শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, নিয়মবহির্ভূতভাবে দাহ্য পদার্থ সংরক্ষণ ও বিক্রির দায়ে মেসার্স শিমলা ট্রেডার্সকে জরিমানা করা হয়েছে। জননিরাপত্তার স্বার্থে আগামীকাল বিকেলের মধ্যে মজুদকৃত ডিজেল ও ট্যাংক অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। অপসারণ কার্যক্রমেও প্রশাসনের নজরদারি থাকবে। পাশাপাশি প্রতিষ্ঠানের অন্যান্য লাইসেন্সও যাচাই-বাছাই করা হচ্ছে।

প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালের সমাজ/এসআরস

Link copied!