ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি বাস চাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর বয়স আনুমানিক (৪০)।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত নয়টার দিকে উপজেলার সিডস্টোর বাজার সংলগ্ন সোনার বাংলা স্কুল এন্ড কলেজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত নারী মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী প্রভাতী বনশ্রী পরিবহনের (ঢাকা-মেট্রো ব: ১৫-৪৮৪০) একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় দুই তরুণ মোটরসাইকেলযোগে বাসটির পেছনে ধাওয়া করে ভালুকা বাসস্ট্যান্ড এলাকা থেকে ঘাতক বাসসহ চালক ও হেলপারকে আটক করেন। এ সময় ক্ষুব্ধ জনতা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘটনাস্থলে প্রায় আধা ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা ও ভরাডোবা হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের হস্তক্ষেপে প্রায় আধা ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘাতক বাসটি, চালক ও হেলপারসহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।
কালের সমাজ/এসআরস

