ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন সংগঠনটির সদস্যরা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশের বাধা ঠেলে যমুনার সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করেন সংগঠনটির বেশ কিছু সদস্য। তারা পুলিশের ব্যারিকেডের সামনে অবস্থান নিয়েছে।
দুইদিন আগে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরমধ্যেই সংগঠনটির ব্যানারে সেখানে অবস্থান নিয়েছেন সদস্যরা।
রমনা বিভাগের ডিসি মাসুদ আলম রাত পৌনে ৯টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওরা দাবি তুলেছে জাতিসংঘের মাধ্যমে তদন্ত করার। আমরা ওদের সাথে কথা বলছি।
রাত সোয়া ৮টার দিকে ইনকিলাব মঞ্চের ফেইসবুক পেইজে বলা হয়, “চারপাশে শত-শত পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের দিয়ে আমাদেরকে ঘিরে রাখা হয়েছে। লাঠিসোঁটা নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে।
আমাদেরও শেষ কথা - শহিদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে হস্তান্তর না করা অবদি আমাদের মেরে ফেলা হলেও আমরা একচুলও আমাদের অবস্থান থেকে সরবো না৷
এর আগে বিকেল পৌনে ৫টার দিকে ইনকিলাব মঞ্চের ফেইসবুক পেইজে এ অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এতে বলা হয়, শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বসেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে আরেকটি পোস্ট দিয়ে বলা হয়, “জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্তের ব্যাপারে আগামী ১ ঘণ্টার মধ্যে যদি মুহাম্মদ ইউনুসের তরফ থেকে কোনো বার্তা না আসে, ছাত্র-জনতাকে যমুনার সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
সন্ধ্যা ৭টার দিকে ইনকিলাব মঞ্চের সদস্যরা যমুনার সামনে গিয়ে অবস্থান নেন।
ইনকিলাব মঞ্চের আহ্ববায়ক হাদি রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার ছয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা যান।


আপনার মতামত লিখুন :