ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

নির্বাচনী ডিউটির মাঝেও সীমান্তে বিজিবির বড় সাফল্য: ধামইরহাটে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

পত্নীতলা প্রতিনিধি, নওগাঁ | ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:১১ পিএম নির্বাচনী ডিউটির মাঝেও সীমান্তে বিজিবির বড় সাফল্য: ধামইরহাটে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

​সারাদেশে বইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। জননিরাপত্তা ও নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় মাঠপর্যায়ে টহলে ব্যস্ত সময় পার করছেন বিজিবি সদস্যরা। তবে এই বিশাল দায়িত্বের মাঝেও সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে নিজেদের মূল কর্তব্যে এক চুলও ছাড় দিচ্ছে না পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। নওগাঁর ধামইরহাট সীমান্তে পৃথক অভিযানে প্রায় ২১ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বাহিনীটি।

​​গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বস্তাবর বিওপির হাবিলদার মোঃ সালাউদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ দল শেখহাটি গ্রামের একটি ইটের ভাটার সামনে অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি জব্দ করে এবং তল্লাশি চালিয়ে ৬৪ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

​​সবচেয়ে বড় সাফল্যটি আসে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শেষ রাতে। রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে কালুপাড়া বিওপির হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে বিজিবি দল আলতাদিঘীর পূর্ব পাড় এলাকায় ওঁত পেতে থাকে। বিজিবির ধাওয়া খেয়ে চোরাকারবারীরা বস্তাভর্তি মাদক ফেলে গভীর অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করা হয় ১০,৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, যার বাজারমূল্য প্রায় ২০ লাখ ৮০ হাজার টাকা।

​পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ আল মামুন জানান, বর্তমানে নওগাঁ ও জয়পুরহাট জেলার ১৬টি উপজেলায় ৩৮ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত রয়েছে। তিনি বলেন:

নির্বাচনী ডিউটির পাশাপাশি সীমান্তে চোরাচালান রোধ ও মাদক নির্মূলে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

​উদ্ধারকৃত মাদক ও মোটরসাইকেল ধামইরহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

 

 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!