ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল, ফুলে ফুলে ভরে গেছে বেদি

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১১:৩৮ এএম কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল, ফুলে ফুলে ভরে গেছে বেদি

ভোরের আলো ছড়াতেই ফুলে ফুলে ভরে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় নেমেছে মানুষের অবিরাম স্রোত।

হাতে ফুল, হৃদয়ে ভাষার প্রতি ভালোবাসা নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা সারিবদ্ধভাবে পুষ্পস্তবক অর্পণ করছেন। একুশের চেতনায় শহীদ মিনার প্রাঙ্গণ হয়ে উঠেছে আবেগ ও শ্রদ্ধার মিলনস্থল।

সরেজমিনে দেখা গেছে, শহীদ মিনারের চারপাশে দীর্ঘ লাইন। শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে দায়িত্ব পালন করছেন বিএনসিসি ও বাংলাদেশ স্কাউটসের সদস্যরা। নির্ধারিত পথে একে একে শ্রদ্ধা জানাচ্ছেন আগতরা।

শ্রদ্ধা নিবেদনকারী সংগঠন ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইডেন মহিলা কলেজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ছায়ানট, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), বাংলাদেশ স্কাউটস, উদীচী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ আরও অনেক সংগঠন।

এদিন কেবল সংগঠন নয়, ব্যক্তিগতভাবেও অসংখ্য মানুষ শহীদ মিনারে উপস্থিত হন। কেউ পরিবার নিয়ে, কেউ শিশু সন্তানদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। অনেক অভিভাবককে শিশুদের ভাষা আন্দোলনের ইতিহাস জানাতেও দেখা যায়।

শ্রদ্ধা জানাতে আসা শফিকুল ইসলাম বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের জাতির জন্য প্রেরণার দিন। এই আন্দোলনের মধ্য দিয়েই স্বাধীনতার পথ তৈরি হয়েছে। যখন আমাদের মাতৃভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, তখন ছাত্রদের আত্মত্যাগেই বাংলা তার মর্যাদা ফিরে পায়। ইতিহাসে এমন ঘটনা খুবই বিরল।

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী তানজিলা আক্তার বলেন, ভাষা আন্দোলনের ইতিহাস শুধু পাঠ্যবইয়ের বিষয় নয়, এটি আমাদের আত্মপরিচয়ের অংশ। প্রতি বছর শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানালে সেই ইতিহাস আরও গভীরভাবে অনুভব করা যায়।

বাংলাদেশ স্কাউটসের সদস্য মাহদি হাসান জানান, শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে এসে মানুষের আবেগের গভীরতা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। সবাই অত্যন্ত সম্মান ও শালীনতার সঙ্গে শ্রদ্ধা জানাচ্ছেন, যা জাতীয় ঐক্যের একটি শক্তিশালী প্রকাশ।

Side banner
Link copied!