ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

প্রথমবারের মতো তেজগাঁওয়ের অফিসে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১২:৫১ পিএম প্রথমবারের মতো তেজগাঁওয়ের অফিসে প্রধানমন্ত্রী তারেক রহমান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে উপস্থিত হন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান।

কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় দায়িত্ব পালন করা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি পুরোনো অনেক কর্মকর্তা ও কর্মচারীকে নাম ধরে ডেকে কথা বলেন। প্রধানমন্ত্রীর এমন ঘনিষ্ঠ ও আন্তরিক আচরণে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পরে প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। এরপর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাতে দেশের শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করা হয়।

 

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি এবং কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এরপর প্রধানমন্ত্রী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে প্রকাশিত স্মারক ডাক টিকিট উন্মোচন করেন।

 

 

Side banner
Link copied!