ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান ও নৌ বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১০:০৪ পিএম প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান ও নৌ বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সাক্ষাৎকালে দেশের আকাশসীমা ও জলসীমার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বিমান ও নৌবাহিনী প্রধানরা। এ সময় তাঁরা সুনীল অর্থনীতি (ব্লু ইকোনমি), সমুদ্রসম্পদ সংরক্ষণ এবং বিমান ও নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের বিভিন্ন পরিকল্পনা প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ বিমান ও নৌবাহিনীর পেশাদারিত্ব ও দেশপ্রেমের প্রশংসা করেন। সমুদ্রসীমা রক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এই দুই বাহিনীর নিরলস ভূমিকার কথা উল্লেখ করে তিনি ভবিষ্যতেও সরকার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন।

Side banner
Link copied!