ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অথবা এর দুই-একদিন আগে বসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী মাসের ১২ মার্চ অথবা এর কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হবে। ওই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন করা হবে।”
তিনি জানান, প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হবে। একই সঙ্গে প্রয়াত সংসদ সদস্যদের স্মরণে শোক প্রস্তাবও তোলা হবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে এবং তাদের জোটের তিন শরিক দল পেয়েছে তিনটি আসন।
অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং খেলাফত মজলিস একটি আসনে জয়ী হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে বিজয়ী হয়েছেন। তবে এসব স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিদ্রোহী হিসেবে পরিচিত।
এদিকে, ফলাফল স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংবিধানের বিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ প্রদান করবেন। রাষ্ট্রপতির ভাষণের খসড়া এর আগে মন্ত্রিসভায় অনুমোদন নেওয়া হবে। প্রথম অধিবেশনজুড়ে সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করবেন।
এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :