রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগে দায়িত্ব পালনরত পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম মাহফুজুল হক, পোল্যান্ডে রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলাম, মেক্সিকোতে রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল আনসারী এবং মালদ্বীপে রাষ্ট্রদূত ড. মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে।
এছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও একই সিদ্ধান্তের আওতায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ বিষয়ে ইঙ্গিত দেন। তিনি বলেন, লন্ডনে দায়িত্ব পালনরত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে দেশে প্রত্যাহার করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, হাইকমিশনের কার্যক্রমে বিভেদমূলক আচরণ এবং রাজনৈতিক পক্ষপাতের অভিযোগের প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

