ঢাকা রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ঢাকায় ৪০টি খেলার মাঠ করার ঘোষণা তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৬:৫১ পিএম ঢাকায় ৪০টি খেলার মাঠ করার ঘোষণা তারেক রহমানের
  • রাজধানী ঢাকায় ৪০টি খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৭ আসনসহ রাজধানীর বিভিন্ন এলাকায় খেলাধুলার সুযোগ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। 

 

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইসিবি চত্বরে আয়োজিত নির্বাচনি পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। তারেক রহমান এদিন ঢাকা মহানগর উত্তর এলাকার ছয়টি সংসদীয় আসনে ধারাবাহিক নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এছাড়া আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) তিনি নিজের নির্বাচনি এলাকাসহ ঢাকা মহানগর দক্ষিণের আরও সাতটি আসনে মোট আটটি জনসভায় অংশ নেবেন।


বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন জানান, রোববার ঢাকা মহানগর উত্তরের ছয়টি আসনে তারেক রহমানের জনসভা অনুষ্ঠিত হবে। এসব আসনের মধ্যে রয়েছে—ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বর, ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠ (মেট্রোরেল স্টেশনের পাশে), ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ, ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় মাঠ, ঢাকা-১৩ আসনের শ্যামলী ক্লাব মাঠ এবং ঢাকা-১১ আসনের বাড্ডার সাঁতারকুলে সানভ্যালি মাঠ।

 

তিনি আরও জানান, সোমবার তারেক রহমান ঢাকা মহানগর দক্ষিণের সাতটি আসনের পাশাপাশি নিজের নির্বাচনি এলাকাসহ মোট আটটি জনসভায় বক্তব্য দেবেন। এর মধ্যে রয়েছে—ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠ, ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, ঢাকা-৮ আসনের পীর জঙ্গি মাজার রোড, ঢাকা-৯ আসনের বাসাবো তরুণ সংঘ মাঠ, ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড, ঢাকা-৪ আসনের জুরাইন-দয়াগঞ্জ রোড, ঢাকা-৬ আসনের ধূপখোলা মাঠ এবং ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠ।


উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

Side banner
Link copied!