দ্বৈত নাগরিকত্ব গ্রহণ ও গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগ তুলে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এ রিট আবেদন করেন। রিটে ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চেয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
নাহিদ ইসলামের পক্ষে রিট আবেদনটি করেন আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী। এ বিষয়ে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা জানান, চলতি সপ্তাহের মধ্যেই হাইকোর্টে রিটটির শুনানি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে ঢাকা-১১ আসনে ১২ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম—উভয়ের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
উল্লেখ্য, ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় রাষ্ট্র রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ এবং সেখানে সম্পত্তি থাকার অভিযোগ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন ড. এম এ কাইয়ুম।
এই রিটকে কেন্দ্র করে ঢাকা-১১ আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ানোর ইঙ্গিত মিলছে।
কালের সমাজ/এসআর


আপনার মতামত লিখুন :