ফরিদপুরের নগরকান্দা থানায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল শনিবার) বিকেলে উপজেলার বাবুর কাইচাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ২০১৯ সালের ১১ আগস্ট দায়েরকৃত নগরকান্দা থানার এফআইআর নং-০৯/১৯০ এবং জিআর নং-১৯০/১৯ এর একটি হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামী রেজাউল মাতুব্বরকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি পেনাল কোড-১৮৬০ এর ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ ধারায় দায়ের করা হয়। গ্রেফতারকৃত রেজাউল মাতুব্বর (পিতা-মৃত সাহেদ আলী মাতুব্বর) উপজেলার বাবুর কাইচাইল এলাকার বাসিন্দা।
নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসানের নেতৃত্বে এবং থানার অফিসার ইনচার্জ রাসূল সামদানী আজাদের সার্বিক তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নগরকান্দা থানার এসআই তারক বিশ্বাস, এএসআই মো. জাহাঙ্গীর আলম ও এএসআই মো. শরিফুল ইসলামসহ একটি বিশেষ টিম অংশ নেয়।
পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তা এবং স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিকেল ৪টা ১৫ মিনিটে তাকে আটক করা সম্ভব হয়। গ্রেফতারকৃত আসামীকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে নগরকান্দা থানা পুলিশ।
কালের সমাজ/কে.পি

