ঢাকা রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

তাড়াশে হাড়িসোনা ব্রিজের মুখ বন্ধ করে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ১২, ২০২৬, ০৪:৫৫ পিএম তাড়াশে হাড়িসোনা ব্রিজের মুখ বন্ধ করে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ

‎সিরাজগঞ্জের তাড়াশে বিনসাড়া এলাকায় হাড়িসোনা ব্রিজের মুখ বন্ধ করে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

‎সরেজমিনে গিয়ে জানা যায়, বস্তুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম (পোটল) হাড়িসোনা ব্রিজের মুখ সংলগ্ন এলাকায় পাকা বাড়ি নির্মাণের লক্ষ্যে ব্যাপকভাবে মাটি ভরাট করছেন। এতে করে ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত খালের প্রায় চার ভাগের তিন ভাগই বন্ধ হয়ে গেছে বলে দাবি করছেন এলাকাবাসী।

‎এদিকে ভুক্তভোগী হাজেরা খাতুন জানান, তিনি প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গায় একটি টিনের ঘর তুলে বসবাস করছেন। কিন্তু সম্প্রতি বাড়ি নির্মাণের জন্য ফেলা মাটি তার ঘরের টিন ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। একই সঙ্গে তাকে অন্যত্র সরে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

‎হাজেরা খাতুনের ছেলে হায়দার আলী বলেন,
‎“আমি এবং আমার মা প্রায় ২০ বছর ধরে এখানে বসবাস করছি। এখন যদি আমাদের এখান থেকে তুলে দেওয়া হয়, তাহলে আমরা কোথায় যাব—তা নিয়ে আমরা চরম দুশ্চিন্তায় আছি।

‎স্থানীয় বাসিন্দাদের পক্ষে মনেয়ার হোসেন জানান, ব্রিজের নিচের খালটি বন্ধ হয়ে গেলে আসন্ন বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষকদের ইরি ও বোরো ধানের আবাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

‎অভিযোগের বিষয়ে জানতে চাইলে শহিদুল ইসলাম (পোটল) বলেন, তিনি ওই জায়গাটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন এবং সেখানে কোনো সরকারি খাস জমি নেই। রাস্তার পাশ থেকেই তার জমি শুরু হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি আরও বলেন, ব্রিজের নিচ দিয়ে যে খালটি প্রবাহিত হয়েছে তা সবার ব্যক্তিগত জমির মধ্য দিয়ে গেছে।

‎এ বিষয়ে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, ব্রিজের মুখ বন্ধ হয়ে গেলে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এবং এতে কৃষি জমির ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।

‎তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, “গতকাল কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি কাগজপত্র নিয়ে আসলে তা যাচাই করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎এ ঘটনায় এলাকাবাসী দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা যায় এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপদ বসবাসের ব্যবস্থা গ্রহন করা হয়। 

কালের সমাজ/ কে.পি

Link copied!