ঢাকা রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

মোংলায় প্রিমিয়ার লীগ উদ্বোধন, ক্রীড়া পল্লী নির্মাণের পরিকল্পনা

জেলা প্রতিনিধি, বাগেরহাট | এপ্রিল ১৯, ২০২৬, ০৫:১২ পিএম মোংলায় প্রিমিয়ার লীগ উদ্বোধন, ক্রীড়া পল্লী নির্মাণের পরিকল্পনা

বাগেরহাটের মোংলায় ‘মোংলা প্রিমিয়ার লীগ’ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে খেলাধুলার প্রসারে সারাদেশে মাঠ উদ্ধারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শনিবার বিকেলে মোংলার মেরিন ড্রাইভ সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের ১০টি জেলায় ১০টি ক্রীড়া পল্লী গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের পাশেও একটি ক্রীড়া পল্লী নির্মাণ করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখে এবং তাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণে সহায়তা করে। তিনি আরও বলেন, “খেলা হোক পেশা, পরিবার পাক ভরসা”—এই স্লোগান বাস্তবায়নের মাধ্যমে সমাজকে মাদকমুক্ত করা সম্ভব।

আয়োজকরা জানান, টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার আয়োজন করেছে আয়াত সি লাইন্স এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে হাজী কাওসার ফাউন্ডেশন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়াবিদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

কালের সমাজ/কে.পি

Link copied!