প্রায় ১৯ মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশের পর কারাভোগরত অবস্থায় অসুস্থ হয়ে মারা যাওয়া বাংলাদেশি যুবক শিপন হাওলাদারের মরদেহ অবশেষে দেশে ফিরেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মরদেহটি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও পুলিশের কাছে হস্তান্তর করে।
হস্তান্তরের সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলার বাসিন্দা শিপন হাওলাদার প্রায় ১৯ মাস আগে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে ভারতীয় আদালত তাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাদণ্ড প্রদান করে তুরা কারাগারে পাঠায়।
আগামী ২৮ এপ্রিল তার কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এর আগেই গত বৃহস্পতিবার তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
দুই দেশের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার দুপুরে শেরপুরের নাকুগাঁও সীমান্ত দিয়ে বিএসএফ মরদেহটি বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি ও পুলিশের উপস্থিতিতে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা শিপন হাওলাদারের অকাল মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করেছেন।
মরদেহ হস্তান্তরকালে ভারতীয় বিএসএফ-এর পক্ষে ঢালু কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর কিমা রায়, বাংলাদেশের বিজিবি’র পক্ষে হাতিপাগার সুবেদার ফুল মিয়া সরকার, নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামানসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
কালের সমাজ/কে.পি

