চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আল-আমিন মজুমদার নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন মজুমদার উপজেলার ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামের মজুমদার বাড়ির আমিনুল হক মজুমদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ব্যক্তিগত কাজে ফরিদগঞ্জ বাজারে যান আল-আমিন। কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি বালুবাহী ট্রাকের চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি জানান, নিহতের স্ত্রী ও পরিবারের পক্ষ থেকে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে লিখিত আবেদন দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আল-আমিনের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
কালের সমাজ/কে.পি

