ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইলিশ সম্পদ সংরক্ষণে সমন্বিত উদ্যোগের তাগিদ পিরোজপুরে

মোঃ নাঈম তালুকদার, পিরোজপুর | জুন ১১, ২০২৬, ০৪:৪৬ পিএম ইলিশ সম্পদ সংরক্ষণে সমন্বিত উদ্যোগের তাগিদ পিরোজপুরে

মা ইলিশ ও জাটকা সংরক্ষণের মাধ্যমে দেশের ইলিশ উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের বিকল্প জীবিকা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে পিরোজপুরে অনুষ্ঠিত জেলা পর্যায়ের এক সেমিনারে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় সংশোধিত)’-এর আওতায় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহামুদুর রহমান মামুন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাছরিন জাহান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ।

জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামতের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মৎস্যজীবী, সরকারি কর্মকর্তা, কোস্ট গার্ড, নৌ পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তারা বলেন, দেশের জাতীয় মাছ ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে মা ইলিশ ও জাটকা সংরক্ষণের কোনো বিকল্প নেই। নিষিদ্ধ সময়ে মাছ আহরণ বন্ধ রাখা, অভয়াশ্রম সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব।

বক্তারা আরও জানান, মাছ ধরা নিষিদ্ধ থাকাকালে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর জন্য সরকার বিভিন্ন সহায়তা কর্মসূচি পরিচালনা করছে। নিবন্ধিত জেলেদের নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি সেলাই মেশিন, বখনা বাছুর বিতরণ এবং বিকল্প আয়বর্ধক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এর ফলে জেলেরা অবরোধকালীন সময়ে জীবিকা নির্বাহের সুযোগ পাচ্ছেন এবং মাছ আহরণ থেকে বিরত থাকতেও উৎসাহিত হচ্ছেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহামুদুর রহমান মামুন বলেন, ইলিশ বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি ও খাদ্য নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ সম্পদ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জেলে ও সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি সরকারের সহায়তা কর্মসূচির যথাযথ ব্যবহার এবং মৎস্য সংরক্ষণ আইন মেনে চলার আহ্বান জানান।

সেমিনারে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীরা ইলিশ সংরক্ষণে মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।

কালের সমাজ/কে.পি

Link copied!