ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

শিবগঞ্জে ভূমিসেবা বিষয়ক গণশুনানি, লিচুর চারা রোপণ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ | জুন ১৬, ২০২৬, ০৯:৩২ পিএম শিবগঞ্জে ভূমিসেবা বিষয়ক গণশুনানি, লিচুর চারা রোপণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নে সাধারণ মানুষের ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ, সমস্যা ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ জুন) দুপুর ১২টায় ছত্রাজিতপুর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ এবং উপজেলা ভূমি অফিস, শিবগঞ্জের যৌথ আয়োজনে এ গণশুনানির আয়োজন করা হয়।

গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। তিনি উপস্থিত সেবাগ্রহীতাদের বিভিন্ন অভিযোগ, মতামত ও সমস্যার কথা মনোযোগ সহকারে শুনে দ্রুত ও কার্যকর সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, ছত্রাজিতপুর ইউনিয়ন ভূমি অফিসের নায়েবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। গণশুনানিতে স্থানীয় বাসিন্দারা নামজারি, খারিজ, ভূমি উন্নয়ন কর, খতিয়ান সংশোধন, জমির রেকর্ড সংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন ভূমি সমস্যার বিষয় তুলে ধরেন।

জেলা প্রশাসক বলেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের ভোগান্তি কমাতে সরকার কাজ করে যাচ্ছে। জনগণের দোরগোড়ায় সহজ ও দ্রুত সেবা পৌঁছে দিতে এ ধরনের গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা জানান, ভূমিসেবা সহজীকরণ, দুর্নীতি ও হয়রানি প্রতিরোধ এবং সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি করে জনগণের আস্থা অর্জনই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

গণশুনানি শেষে জেলা প্রশাসক ছত্রাজিতপুর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে একটি লিচুর চারা রোপণ করেন। পরে তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন। স্থানীয়রা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিতভাবে ভূমিসেবা বিষয়ক গণশুনানির আয়োজনের দাবি জানান।

 

কালের সমাাজ/কে.পি
 

Link copied!