নানা ধর্মীয় আয়োজনে উৎসব মুখর পরিবেশে বান্দরবানে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করা হয়েছে। রথযাত্রা উপলক্ষ্যে ১৬ জুলাই (বৃহস্পতিবার) সকালে বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয়। দুপুর ৩টায় বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দিরে সামনে রথযাত্রা উপলক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে রথযাত্রা’র উদ্বোধন করেন বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এসময় বান্দরবানের জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দিরের আহবায়ক নিখিল কান্তি দাশ, সদস্য সচিব আনন্দ দাশসহ প্রশাসনের বিভিন্ন
উর্ধতন কর্মকর্তা এবং সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্বের শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রথ টেনে নিয়ে যাওয়া হয় বালাঘাটা শ্রী শ্রী রক্ষা কালী মন্দির প্রাঙ্গনে, আর এসময় বান্দরবানের সনাতনী সমাজের ধর্মপ্রাণ নারী ও পুরুষেরা মহা মাঙ্গলিক এই আয়োজনে অংশগ্রহণ করেন এবং রথের দড়ি টেনে টেনে পূর্ণ্য লাভে অংশ নেন।
কালের সমাজ/কে.পি

