ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

উপস্থিত বক্তৃতায় দেশসেরা মাগুরার হুমাইরা

হাসনাত হান্নান তামিম, মহম্মদপুর (মাগুরা) | জুলাই ১৭, ২০২৬, ০৬:৩৩ পিএম উপস্থিত বক্তৃতায় দেশসেরা মাগুরার হুমাইরা

জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এ উপস্থিত বক্তৃতা (বালিকা) বিভাগে দেশসেরা হওয়ার অনন্য গৌরব অর্জন করেছে মাগুরার কৃতি শিক্ষার্থী হুমায়রা ইয়াসমিন। গত বুধবার (১৫ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক জমকালো ও বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান হুমায়রার গলায় স্বর্ণপদক পরিয়ে দেন এবং তার হাতে প্রশংসাপত্র তুলে দেন।
 

দেশসেরা হুমায়রা ইয়াসমিন মাগুরা সদর উপজেলার শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত দেশব্যাপী মেধা যাচাইয়ের এই বৃহৎ প্রতিযোগিতায় দেশের দুই কোটি ১৮ লাখেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। ক্রীড়া, সংস্কৃতি, কুইজ ও বিতর্কসহ মোট ৮টি প্রধান বিভাগের ৪৪টি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের সুপ্ত মেধার মূল্যায়ন করা হয়। জাতীয় পর্যায়ে সারা দেশের ১২ হাজার ৩৮৪ জন শ্রেষ্ঠ ব্যক্তি এবং ৬৫ হাজার ৫৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে চূড়ান্ত সেরাদের এ অনুষ্ঠানে রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হয়।
 

হুমায়রার এই মহিমান্বিত সাফল্যে আনন্দে ভাসছে তার পরিবার, বিদ্যালয় ও সমগ্র মাগুরা জেলা। শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার লাকী অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “হুমায়রা শুধু অসাধারণ মেধাবীই নয়, অত্যন্ত আত্মবিশ্বাসীও। বিদ্যালয়ে স্কাউটিং থেকে শুরু করে প্রতিটি সহ-শিক্ষা কার্যক্রমে সে ধারাবাহিকভাবে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে এসেছে। তার এই জাতীয় পর্যায়ের সাফল্য আমাদের বিদ্যালয়ের ইতিহাসে এক অনন্য মাইলফলক।”
কন্যার এমন অবিস্মরণীয় অর্জনে আবেগাপ্লুত বাবা মো. মঞ্জু হোসেন বলেন, ‘মেয়ের এই সাফল্যে আমরা পুরো পরিবার গর্বিত ও আনন্দিত। শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং পরিবারের সার্বক্ষণিক উৎসাহই তাকে আজ এই গৌরবময় অবস্থানে পৌঁছে দিয়েছে। আমার মেয়ে যেন ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে আরও বড় অবদান রাখতে পারে, সেজন্য সবার কাছে দোয়া প্রার্থী।’
 

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে স্বর্ণপদকজয়ী খুদে শিক্ষার্থী হুমায়রা ইয়াসমিন বলে, “মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে সরাসরি পুরস্কার গ্রহণ করা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ হওয়ায় আমি ভীষণ আনন্দিত ও অনুপ্রাণিত। এই সফলতার পেছনে আমার পিতা-মাতা, শ্রদ্ধেয় শিক্ষক ও শুভাকাক্সক্ষীদের অবদান অপরিসীম। আমি ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে মাগুরা ও দেশের সুনাম বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।’
মাগুরা সদর উপজেলা শিক্ষা অফিসার এস এম জাহাঙ্গীর আলম জানান, হুমায়রা সমগ্র মাগুরা জেলার গর্ব। তার এই অনন্য বিজয় জেলার অন্য শিক্ষার্থীদেরকে মেধা বিকাশ ও আত্মবিশ্বাসী হতে অনুপ্রাণিত করবে।

কালের সমাজ/কে.পি

 

Link copied!