কিশোরগঞ্জের কুলিয়ারচরে জুয়েল হত্যা মামলায় প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নিরপরাধ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছেন বড়চারা ও আশপাশের এলাকার বাসিন্দারা।
সোমবার (২০ জুলাই) বিকেলে আগরপুর টু পোড়াদিয়া মহাসড়কের বড়চারা নতুন বাজার এলাকায় ‘১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শত শত গ্রামবাসী অংশ নেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘জুয়েল হত্যার বিচার চাই’, ‘প্রকৃত খুনিদের ফাঁসি চাই’ এবং‘নিরপরাধদের মুক্তি চাই’—এমন নানা স্লোগান দেন।
বক্তারা অভিযোগ করেন, ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত ব্যক্তিদের গ্রেফতার করা যায়নি। উল্টো মামলায় নিরপরাধ কয়েকজনকে আসামি করে হয়রানি করা হয়েছে বলে দাবি করা হয়। তারা রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবমুক্ত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং নিরপরাধদের অব্যাহতির দাবি জানান।
মানববন্ধনে উপজেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামছুল আলম (এলেম) দাবি করেন, তাকে, তার এইচএসসি পরীক্ষার্থী ছেলে, ভাতিজাসহ কয়েকজনকে মামলায় আসামি করা হলেও তারা কেউ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং নিরপরাধদের অব্যাহতির আহ্বান জানান।
উল্লেখ্য: গত ১০ জুলাই বড়চারা বাজার এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন জুয়েল মিয়া। পরে তাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মো. কুদ্দুস মিয়া আদালতে হত্যা মামলা দায়ের করেন।
কালের সমাজ/কে.পি

