ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

মাঠ প্রশাসনে নারীর নেতৃত্বে নতুন রেকর্ড: ২০ জেলায় ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও

নিজস্ব প্রতিবেদক | জুলাই ২৩, ২০২৬, ০৮:৩৭ পিএম মাঠ প্রশাসনে নারীর নেতৃত্বে নতুন রেকর্ড: ২০ জেলায় ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও

দেশের মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে নারীদের অংশগ্রহণ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বর্তমানে দেশের ৬৪ জেলার মধ্যে ২০টিতে নারী জেলা প্রশাসক (ডিসি) এবং ৪৯৯টি উপজেলার মধ্যে ১৯১টিতে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ স্তরে নারীদের এই উপস্থিতি নারীর সক্ষমতা, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বড় অগ্রগতির প্রতিফলন।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ ১৮ জন নারী ডিসি দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে, যা মাঠ প্রশাসনে নারী নেতৃত্বের নতুন রেকর্ড। তবে দেশের নয়জন বিভাগীয় কমিশনারের মধ্যে এখনো কোনো নারী কর্মকর্তা দায়িত্বে নেই।

বর্তমানে নারী ডিসিরা হলেন- ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী, নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক, রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম, মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার ও কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার।

এছাড়া আরও রয়েছেন- রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী, ফেনীর জেলা প্রশাসক মনিরা হক, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত, সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার, মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়, বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন।
বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে নারী ডিসির সংখ্যা সবচেয়ে বেশি। এ বিভাগের ১৩ জেলার মধ্যে ৯টিতে নারী জেলা প্রশাসক দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া খুলনা বিভাগে চারজন, চট্টগ্রাম বিভাগে তিনজন, রংপুর বিভাগে দুজন এবং রাজশাহী ও বরিশাল বিভাগে একজন করে নারী ডিসি রয়েছেন।

ইউএনও পদেও বাড়ছে নারীর অংশগ্রহণ

শুধু জেলা প্রশাসন নয়, উপজেলা পর্যায়েও নারীদের নেতৃত্ব বেড়েছে। বর্তমানে দেশের ৪৯৯টি উপজেলার মধ্যে ১৯১টিতে নারী ইউএনও দায়িত্ব পালন করছেন। অর্থাৎ প্রায় ৩৯ শতাংশ উপজেলায় প্রশাসনের নেতৃত্বে রয়েছেন নারী কর্মকর্তারা।

ভূমি প্রশাসনেও নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। বর্তমানে ৪৭৮ জন সহকারী কমিশনার (ভূমি)-এর মধ্যে ১১৬ জন নারী কর্মকর্তা রয়েছেন, যা মোট পদের ২৪ শতাংশের বেশি।
সব মিলিয়ে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ ১ হাজার ৮৫টি পদের মধ্যে ৩৩২টিতে নারী কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। অর্থাৎ মোট পদের প্রায় ৩০ দশমিক ৬ শতাংশ এখন নারীদের দখলে।

কেন্দ্রীয় প্রশাসনেও বাড়ছে নারী কর্মকর্তা

মাঠ প্রশাসনের পাশাপাশি কেন্দ্রীয় প্রশাসনেও নারীদের উপস্থিতি বাড়ছে। বর্তমানে ৮১টি সচিব ও সচিব-সমমর্যাদার পদের মধ্যে ১৪টিতে নারী কর্মকর্তা রয়েছেন।

এ ছাড়া অতিরিক্ত সচিব পদে ৩৬১ জনের মধ্যে ৭৩ জন, যুগ্ম সচিব পদে ১ হাজার ৫১ জনের মধ্যে ২৪৯ জন, উপসচিব পদে ১ হাজার ৬৪৩ জনের মধ্যে ৪০৪ জন এবং সহকারী ও সিনিয়র সহকারী সচিব পদে ৩ হাজার ৩৫০ জনের মধ্যে ৯৮৬ জন নারী কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

সহকারী সচিব থেকে সচিব পর্যন্ত মোট ৬ হাজার ৩৩০টি পদের মধ্যে নারী কর্মকর্তা রয়েছেন ১ হাজার ৬৮৬ জন। অর্থাৎ প্রশাসনের এসব গুরুত্বপূর্ণ পদে নারীদের অংশগ্রহণের হার বর্তমানে ২৬ দশমিক ৬৪ শতাংশ।

কালের সমাজ/কে.পি

Link copied!