ভারতে মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের ‘বর্বরতা’র অভিযোগ তুলে শুক্রবার (২৪ জুলাই) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
দলটি তাদের সমর্থক, ছাত্র সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিজ নিজ শহরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে। খবর ইন্ডিয়া টুডের।
দিল্লিতে সিজেপির ‘চলো সংসদ’ কর্মসূচি ঘিরে সংঘর্ষ এবং বিভিন্ন রাজ্যে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও বলপ্রয়োগের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলটির দাবি, এসব ঘটনার পর আন্দোলন রাজধানীর গণ্ডি পেরিয়ে সারা দেশে ছড়িয়ে দেওয়ার সংকল্প আরও জোরালো হয়েছে।
এদিকে, বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুললেও দিল্লি পুলিশের দাবি, ‘চলো সংসদ’ কর্মসূচির সময় কিছু বিক্ষোভকারী সহিংস হয়ে ওঠেন। তারা পুলিশ সদস্যদের ওপর হামলা চালানোর পাশাপাশি সরকারি সম্পত্তিও ভাঙচুর করেন।
দেশব্যাপী এই ক্যাম্পেইনের অংশ হিসেবে সংগঠনটি স্থানীয় আয়োজকদের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি), প্রচারসামগ্রী এবং স্মারকলিপির একটি টেমপ্লেট প্রচার করেছে।
কালের সমাজ/কে.পি

