ঢাকা বুধবার, ০৫ আগস্ট, ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির রাখলেন নওগাঁর ‘তাল বেলাল’

জেলা প্রতিনিধি, নওগাঁ | জুলাই ২৯, ২০২৬, ০৬:০১ পিএম নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির রাখলেন নওগাঁর ‘তাল বেলাল’

নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতালের সৌন্দর্য ও পরিবেশের শোভা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বুধবার সকালে ‘নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থা’র উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে রোপণের জন্য শোভাবর্ধনকারী থাই চেরি ফুলের গাছ উপহার দেওয়া হয়। 

সংস্থার নির্বাহী পরিচালক ও দেশবরেণ্য বিশিষ্ট বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলালের ব্যক্তিগত উদ্যোগে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু জার গাফফার-এর হাতে আনুষ্ঠানিক ভাবে এই চেরি ফুলের গাছ তুলে দেওয়া হয়। গাছ হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান খান চৌধুরী, সদস্য আব্দুল কাইউম, সজিব হোসেন এবং হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। গাছ হস্তান্তরকালে আরএমও ডা. আবু জার গাফফার বলেন, "হাসপাতালের মতো একটি জনাকীর্ণ ও সংবেদনশীল স্থানে এ ধরনের দৃষ্টিনন্দন ফুলের গাছ রোপণ রোগীদের মানসিক প্রশান্তি দেবে। 

পরিবেশ রক্ষায় ও হাসপাতালের সার্বিক পরিবেশ মনোরম করতে এই সবুজ উদ্যোগ সত্যি প্রশংসনীয়। "অনুষ্ঠানে বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। হাসপাতাল প্রাঙ্গণকে সুশোভিত করতে এবং এখানে আগত সেবাপ্রার্থীদের মনে কিছুটা স্বস্তি দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। "উল্লেখ্য, বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল পরিবেশ রক্ষায় একজন নিবেদিতপ্রাণ মানুষ। তিনি ইতিপূর্বে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দু‍‍`পাশের প্রায় ৭৫ কিলোমিটার এলাকা জুড়ে বিপুল পরিমাণ তাল বীজ রোপণ করে দেশজুড়ে অনন্য নজির স্থাপন করেছেন। মহাসড়কের পাশে তাঁর রোপণ করা সেই তালগাছগুলো এখন দৃশ্যমান ও পরিবেশের শোভা বাড়াচ্ছে। এই অসাধারণ কীর্তির জন্য তিনি এলাকাবাসী ও পরিবেশবাদীদের কাছে ‘তাল বেলাল’ নামে বিশেষভাবে পরিচিতি লাভ করেছেন। এর পাশাপাশি জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি নিয়মিত ফলজ, বনজ ও ওষুধি গাছ রোপণ করে আসছেন।

কালের সমাজ/কে.পি

Link copied!