ঢাকা বুধবার, ০৫ আগস্ট, ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

রোহিঙ্গা শিশুকে অপহরণ করে মুক্তিপণ আদায়

জেলা প্রতিনিধি, কক্সবাজার | জুলাই ২৯, ২০২৬, ০৮:১৭ পিএম রোহিঙ্গা শিশুকে অপহরণ করে মুক্তিপণ আদায়

কক্সবাজারের উখিয়ায় পাঁচ বছর বয়সী এক রোহিঙ্গা শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় সংঘবদ্ধ অপহরণচক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ। একটি বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত ২২ জুলাই উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১১ এলাকা থেকে পাঁচ বছর বয়সী শিশু রহমত আলীকে অপহরণ করে একটি সংঘবদ্ধ চক্র। পরে অপহরণকারীরা শিশুটিকে জিম্মি করে হত্যার ভয় দেখিয়ে একটি ভিডিও ধারণ করে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। একই সঙ্গে শিশুটির পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়।

শিশুটির জীবন নিয়ে শঙ্কিত পরিবার প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে নিজেদের উদ্যোগে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। তবে অপহরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি কক্সবাজার জেলা পুলিশের নজরে আসে।
এরপর একটি বিশেষ গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা পুলিশের একাধিক আভিযানিক দল সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে গেলেও ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে বুধবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে অপহরণচক্রের মূলহোতা মো. জাকারিয়া প্রকাশ জকরিয়া (৩৭)-কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি শিশুটিকে অপহরণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তার দেওয়া তথ্যে জানা যায়, সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে উখিয়ার কুতুপালং এলাকায় শিশু ও অন্যান্য ব্যক্তিকে অপহরণ করে জিম্মি রেখে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

জেলা পুলিশ জানিয়েছে, অপহরণচক্রের পলাতক সদস্যদের গ্রেফতারে বিশেষ গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া শিশু রহমত আলী বর্তমানে তার পরিবারের হেফাজতে রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
কক্সবাজার জেলা পুলিশ জানিয়েছে, অপহরণ, চাঁদাবাজি ও সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের অভিযান আরও জোরদার করা হয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সব ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

কালের সমাজ/কে.পি

Link copied!