ঢাকা বুধবার, ০৫ আগস্ট, ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

নওগাঁয় অটো চার্জার ও বাসের ধাক্কায় প্রাণ গেল টেকনিক্যাল কলেজ শিক্ষকের

জেলা প্রতিনিধি, নওগাঁ | জুলাই ৩০, ২০২৬, ০৪:৩৮ পিএম নওগাঁয় অটো চার্জার ও বাসের ধাক্কায় প্রাণ গেল টেকনিক্যাল কলেজ শিক্ষকের

নওগাঁ শহরের দয়ালের মোড়ে সড়ক দুর্ঘটনায় নওগাঁ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আ.ত.ম ইউসুফ (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে শহরের দয়ালের মোড়ে অবস্থিত ‘বেস্ট কেয়ার ল্যাব’-এর সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে আ.ত.ম ইউসুফ মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথে দয়ালের মোড় এলাকায় একটি দ্রুতগতির চার্জার চালিত অটোভ্যান তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি (BRTC) বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। ​পরে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেলে জানা যায়, তিনি নওগাঁ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কর্মরত শিক্ষক। ​নিহতের সহকর্মী ও পরিচিতজনরা জানান, আ.ত.ম ইউসুফ অত্যন্ত ভদ্র, নম্র ও দায়িত্বশীল একজন শিক্ষক ছিলেন। তার এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় শিক্ষা অঙ্গনে এবং সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​এদিকে এ দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, শহরে চার্জারচালিত যানবাহনের বেপরোয়া চলাচল, ট্রাফিক আইন অমান্য করা এবং সড়ক শৃঙ্খলার চরম অবহেলার কারণে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অকাল মৃত্যু রোধে ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানান তারা। ​আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে ঘাতক যান ও চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালের সমাজ/কে.পি

Link copied!