ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের চিত্রি গ্রামের কৃতি সন্তান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সিঙ্গাপুরের রাষ্ট্রদূত ফেরদৌসি শাহরিয়ার (রীতা) গতকাল (২৯/৭/২৬) বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে ঢাকার শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স ছিল ৫৪ বছর।
তিনি নবীনগর পশ্চিম ইউনিয়নের চিত্রি গ্রামের সম্ভ্রান্ত পরিবার সাহেব বাড়ির মো. শফিকুল ইসলামের বড় মেয়ে ও প্রয়াত জাতীয় শিক্ষক নেতা প্রফেসর এম শরিফুল ইসলামের ভাতিজি ছিলেন।
আজ বৃহস্পতিবার (৩০/৭/২৬) ঢাকার মিরপুর ১০ নম্বর কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্র জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়- ফেরদৌসি শাহরিয়ার ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী সচিব হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি ব্যাঙ্কক, রোম, ম্যানচেস্টার ও ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, পররাষ্ট্রসচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
কালের সমাজ/কে.পি

