ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ গাড়ি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মোহাম্মদ উজ্জ্বল মিয়া (পিতা: জিনু মিয়া) নামে এক যুবককে আটক করেছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, উজ্জ্বল মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চুক্তিভিত্তিক গাড়ি ভাড়া নিয়ে তা নির্ধারিত সময়ে ফেরত না দিয়ে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগে অভিযুক্ত। অভিযোগে আরও বলা হয়েছে, অতীতে তিনি বিভিন্ন মাইক্রোবাসে হেলপার হিসেবে কাজ করতেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মধ্যপাড়া এলাকার নাহিদুল হাসান রিয়াদের কাছ থেকে ভাড়ায় নেওয়া প্রায় ৪০ লাখ টাকা মূল্যের একটি গাড়ি তিনি ঢাকায় প্রায় ২০ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এতে ভুক্তভোগী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। পরে শনিবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অভিযুক্ত উজ্জ্বল মিয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকার বাসিন্দা। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ বিষয়টি তদন্ত করছে। উল্লেখ্য, মামলার অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।
কালের সমাজ/কে.পি

