কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ছুরিকাঘাতে জাকির হোসেন (৩০) নামের এক প্রবাসফেরত যুবক নিহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল মাগুরা ভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
জাকির হোসেন একই গ্রামের শিবলু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। প্রায় ৬ মাস আগে প্রবাসজীবন শেষ করে দেশে ফেরে সংসারের দেখভাল করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার কিছুক্ষণ পরে চাতল এলাকার মাগুরা ভিটা বিলে টর্চলাইটের আলোয় প্রাচীন পদ্ধতিতে মাছ শিকারে বের হন জাকির হোসেন।
বাড়ি থেকে বিলটির দূরত্ব খুব বেশি নয়। কয়েক ঘণ্টা পর এক নিকটাত্মীয় বাড়ির পেছনে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে জাকির হোসেনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তার বুকের মধ্যে একটি ছুরি বিদ্ধ অবস্থায় ছিল। পরে নিকটাত্মীয়ের ডাক- চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে পুলিশ বা স্থানীয় কোনো সূত্র নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।
তবে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জাকির হোসেনের নিকটাত্মীয়দের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। তবে ওই বিরোধের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তারা নিশ্চিত নন।জাকির হোসেনের বোন-জামাই হান্নান মিয়া বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পেছনে গেলে তিনি জাকির হোসেনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ছুরিবিদ্ধ একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
কালের সমাজ/কে.পি

